ইরানপন্থিদের বিরুদ্ধে প্রশাসনের নেওয়া কঠোর ব্যবস্থার বিরোধিতা করায় বাহরাইনের জাতীয় সংসদ থেকে তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির ‘কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভস’-এর এক অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাদের সদস্যপদ বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পদ হারানো তিন সংসদ সদস্য হলেন— আবদুলনবী সালমান, মামদুহ আল-সালেহ এবং মাহদি আল-শোওয়াইখ। তাদের বিরুদ্ধে অভিযোগ, বাহরাইনের ওপর ইরানি হামলার প্রশংসা বা সমর্থনকারীদের বিরুদ্ধে সরকারের নেওয়া কঠোর পদক্ষেপের সমালোচনা করেছিলেন তারা। বিশেষ করে অভিযুক্তদের নাগরিকত্ব বাতিলের মতো সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পার্লামেন্ট কর্তৃপক্ষের ভাষ্যমতে, দেশের সংবিধান এবং অভ্যন্তরীণ আইনি কাঠামো অনুসরণ করেই এই তিন এমপির বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। সদস্যদের সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে এই প্রক্রিয়াটি চূড়ান্ত করা হয়। মূলত জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় সংহতি বজায় রাখতেই এই কঠোর অবস্থান নিয়েছে বাহরাইন সরকার।