বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরান ও লেবাননের সমর্থনে হুথিদের কঠোর হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে ইরান ও লেবাননের ওপর চলমান সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিশেষ বিবৃতিতে ‘হুথি আন্দোলন’ জানিয়েছে, এই সংঘাতের প্রেক্ষাপটে তারা কোনোভাবেই নিরপেক্ষ থাকবে না। বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধমূলক লড়াই অব্যাহত থাকবে এবং মিত্রদের প্রতি প্রকাশ্য সমর্থন বজায় রাখা হবে।

ইরান ও লেবাননের সমর্থনে হুথিদের কঠোর হুঁশিয়ারি
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও লেবাননের ওপর চলমান সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিশেষ বিবৃতিতে ‘হুথি আন্দোলন’ জানিয়েছে, এই সংঘাতের প্রেক্ষাপটে তারা কোনোভাবেই নিরপেক্ষ থাকবে না। বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধমূলক লড়াই অব্যাহত থাকবে এবং মিত্রদের প্রতি প্রকাশ্য সমর্থন বজায় রাখা হবে।

বুধবার আলজাজিরার একটি প্রতিবেদনে এই বিবৃতির বরাতে জানানো হয়েছে, হুথিরা ওমান উপসাগরে মার্কিন কর্মকাণ্ডকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানি বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে এবং নাবিকদের অন্যায়ভাবে আটক করছে। এসব পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে পণ্য সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি খাদ্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক প্রতিরক্ষা মূলক পদক্ষেপের প্রতি সংহতি জানিয়ে হুথিরা বলেছে, যেকোনো সার্বভৌম রাষ্ট্রের অধিকার রয়েছে নিজ জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌ চলাচল নিয়ন্ত্রণ বা সীমিত করার। বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে তারা সতর্ক করে দিয়ে বলেছে, ইরান, লেবানন ও ফিলিস্তিনের ওপর যে আগ্রাসন চলছে, তাতে ইয়েমেনি জনগণ চুপ করে বসে থাকবে না।

ইয়েমেনের রাজধানী সানাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণে থাকা এই সশস্ত্র গোষ্ঠীটি এর আগেও বর্তমান সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুথিদের পক্ষ থেকে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, পরিস্থিতির আরও অবনতি ঘটলে তারা লোহিত সাগর ও সুয়েজ খালের প্রবেশপথ হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ নৌপথ ‘বাব আল-মান্দেব’ প্রণালি পুরোপুরি বন্ধ করে দিতে পারে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।