তেহরানের সাথে ওয়াশিংটন ও তেল আবিবের চলমান সংঘাত প্রায় শেষ পর্যায়ে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংঘাতের অবসান ঘটার ইঙ্গিত দিলেও সেখানে মার্কিন সামরিক বাহিনীর অভিযান এখনো পুরোপুরি সমাপ্ত হয়নি বলে তিনি সতর্ক করেছেন। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিমত ব্যক্ত করেন।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তার কাছে মনে হচ্ছে ইরানের সাথে এই যুদ্ধ এখন শেষের পথে এবং খুব দ্রুতই চূড়ান্ত সমাপ্তির কাছাকাছি পৌঁছে যাবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে মার্কিন বাহিনী যদি ইরান থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়, তবে দেশটি পুনর্গঠনে অন্তত দুই দশক সময় লেগে যাবে। ট্রাম্পের মতে, বর্তমান পরিস্থিতিতে ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য অত্যন্ত উদগ্রীব হয়ে আছে।
উল্লেখ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যৌথ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই সাময়িক বিরতিকে স্থায়ী শান্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে উভয় দেশের সরকারি প্রতিনিধিরা এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন।
দীর্ঘ ২২ ঘণ্টা আলোচনার পরও কোনো সুনির্দিষ্ট সমঝোতা বা চুক্তি স্বাক্ষর ছাড়াই ইসলামাবাদের সেই বৈঠকটি শেষ হয়েছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনার পথ এখনো বন্ধ হয়ে যায়নি এবং খুব শীঘ্রই ইসলামাবাদে দ্বিতীয় দফায় সংলাপে বসতে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। বিশ্বজুড়ে এই দ্বিতীয় দফা বৈঠকের ফলাফলের ওপরই এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে।