শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ইসরায়েলের প্রাথমিক ব্যয়ের পরিমাণ প্রায় ১১.৫ বিলিয়ন ডলার (৩৫ বিলিয়ন ইসরায়েলি শেকেল) বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে, যার ফলে সরকারি ব্যয় বৃদ্ধির পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা হ্রাস পেয়েছে।

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ইসরায়েলের প্রাথমিক ব্যয়ের পরিমাণ প্রায় ১১.৫ বিলিয়ন ডলার (৩৫ বিলিয়ন ইসরায়েলি শেকেল) বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে, যার ফলে সরকারি ব্যয় বৃদ্ধির পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) লক্ষ্যমাত্রা হ্রাস পেয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মোট ব্যয়ের সিংহভাগ অর্থাৎ প্রায় ২২ বিলিয়ন শেকেল খরচ হয়েছে প্রতিরক্ষা ও সামরিক খাতে। এর মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সরঞ্জাম ক্রয় ও রিজার্ভ সেনাদের মোতায়েন সংক্রান্ত খরচ অন্তর্ভুক্ত। এই বিশাল অঙ্কের ব্যয় ইতোমধ্যে ২০২৬ সালের রাষ্ট্রীয় বাজেটে যোগ করা হয়েছে।

যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অর্থনৈতিক স্থবিরতা মোকাবিলায় ক্ষতিপূরণ বাবদ প্রায় ১২ বিলিয়ন শেকেল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান ছাড়াও ব্যবসা-প্রতিষ্ঠানের লোকসান ও কর্মীদের বেতনবিহীন ছুটির কারণে সৃষ্ট অর্থনৈতিক প্রভাব কাটাতে এই অর্থ ব্যয় করা হচ্ছে। এছাড়া হাসপাতাল পরিচালনা, জরুরি সেবা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমের জন্য বেসামরিক খাতে আরও ১ বিলিয়ন শেকেল খরচ হয়েছে।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এক বিবৃতিতে জানান, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যবস্থাপনা এই সামরিক সাফল্যের অন্যতম চালিকাশক্তি। তিনি দাবি করেন, অর্থনীতির সঠিক তদারকি ও সম্মুখ সারির সেনাদের প্রয়োজন মেটাতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইরানি বাহিনীর বিরুদ্ধে অর্জিত এই বড় সাফল্যের পূর্ণ অংশীদার। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যুদ্ধের স্থায়িত্ব বাড়লে এবং লোহিত সাগর বা হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ পথে অস্থিরতা অব্যাহত থাকলে ব্যয়ের এই পরিমাণ আরও বহুগুণ বৃদ্ধি পেতে পারে।