দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ জন ছাত্রীর প্রাণহানির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা ও জবাবদিহি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর রাফায়েল ওয়ার্নক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই দাবি উত্থাপন করেন। ওয়ার্নক তার বার্তায় উল্লেখ করেন, যেসব নেতা শিশুদের মৃত্যুকে এত সহজে উপেক্ষা করতে পারেন, তাদের নৈতিক পরিবর্তন প্রয়োজন। যেকোনো পরিস্থিতিতেই শিশু হত্যা সমর্থনযোগ্য নয় স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইরানি শিশুরাও ঈশ্বরের সন্তান—এই সত্যটি আমাদের ভুলে যাওয়া উচিত নয়।
ঘটনার সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের প্রথম দিনে। সেদিন মিনাবের ওই শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ১৭০ জন শিক্ষার্থী নিহত হয়। এই মর্মান্তিক ঘটনার পর আন্তর্জাতিক মহলের পাশাপাশি খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন বাহিনী কোনো স্কুলে হামলা চালায়নি বরং এই ট্র্যাজেডির জন্য ইরানের নিজস্ব প্রতিরক্ষা বাহিনী দায়ী।
তবে সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। অনুসন্ধানে দেখা গেছে, স্কুলটিতে মূলত ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। উল্লেখ্য যে, টমাহক একটি মার্কিন প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র যা ইরানের সামরিক বাহিনীর কাছে নেই। তদন্তের এই অকাট্য তথ্য প্রকাশ্যে আসার পর নিজের আগের অবস্থান থেকে সরে এসে প্রেসিডেন্ট ট্রাম্প দায়সারাভাবে জানিয়েছেন যে, এ বিষয়ে তার বিশেষ কিছু জানা নেই।