ইরানের হরমোজগান অঞ্চলের বান্দার-ই খামির সেতুতে মার্কিন সামরিক বাহিনীর আকস্মিক হামলায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন।
ভয়াবহ এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও নয়জন। ইরানের সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ শুক্রবার জানিয়েছে, আহতদের উদ্ধার করে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এই হামলায় সাধারণ নাগরিক নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে ওয়াশিংটন। নিহতদের বিস্তারিত পরিচয় বা হামলার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট করা হয়নি।
এদিকে ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সেন্টকমের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের সাম্প্রতিক অভিযানে ইরানের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং উপকূলীয় নজরদারি চৌকিগুলোকে সফলভাবে নিশানা করা হয়েছে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনাতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। সেন্টকমের দাবি, এই হামলার ফলে ইরানের সামরিক শক্তি ও রণপ্রস্তুতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক ও বেসামরিক নৌযানগুলোর ওপর তেহরানের সম্ভাব্য হামলা প্রতিহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।