আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উদ্ভূত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) তাদের নির্ধারিত ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিফা যদি এই অনুরোধ প্রত্যাখ্যান করে, তবে বিশ্বমঞ্চে ইরানের উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়তে পারে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে গত রবিবার (৫ এপ্রিল) ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইএফএফ ইতিমধ্যে ফিফার কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জমা দিলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। মন্ত্রী স্পষ্ট করে বলেন, তাদের এই প্রস্তাবটি গৃহীত হলেই কেবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১১ জুন ফুটবলের এই মহাযজ্ঞ শুরু হতে যাচ্ছে। ইরানের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর একই ভেন্যুতে ২২ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মাঠে নামার কথা রয়েছে। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ খেলার সম্ভাবনাকে অত্যন্ত ক্ষীণ বলে মন্তব্য করেছেন ক্রীড়ামন্ত্রী।
দোনিয়ামালি আরও উল্লেখ করেন যে, ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও জাতীয় দলের যান্ত্রিক ও শারীরিক প্রস্তুতি থেমে নেই। খেলোয়াড়রা মাঠের লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত রাখছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভর করছে। প্রয়োজনীয় নিরাপত্তা ও নিশ্চয়তা না পেলে শেষ মুহূর্তে ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে বলেও আভাস পাওয়া গেছে। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্যের এই দেশটির অনুরোধের প্রেক্ষিতে ফিফা কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে কি না।