ইরানের সেনাবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই মন্তব্যের পক্ষে তিনি কোনো ব্যাখ্যা বা অতিরিক্ত তথ্য দেননি।
রোববার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প এ দাবি করেন।
ভাষণে তিনি বলেন, “মার্কিন সেনাবাহিনীর অবস্থা এখনকার মত সুসংহত আর কোনদিনই ছিল না।”
যদিও ইরানের সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
ট্রাম্প তার বক্তব্যে বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা, স্বাধীনতা এবং সামরিক শক্তি ও সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ‘কমিউনিস্টদের’ও সমালোচনা করেন।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান ট্রাম্প।
এদিকে, একই দিনে স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আতশবাজির আয়োজনের পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।