মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

ইতালির রাজধানী রোমের কাছে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

ইতালির রাজধানী রোমের কাছে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (স্থানীয় সময়) রাত আনুমানিক ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ড ঘটে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।

নিহতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

হামলায় আহত হয়েছেন বাবুলের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বাবুলের স্বজন আফনান হোসেন নাইম জানান, শুক্রবার রাতে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের বাসায় ঢুকে তাকে, তার স্ত্রী ও ছোট মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় বাইরে থেকে বাসায় ফিরে অয়ন ঘরে প্রবেশ করে ঘটনাটি দেখতে পান। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

অয়নের চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা কামাল উদ্দিন বাবুল, আরজু বেগম ও তাদের মেয়ে আরোয়া ইসলাম আরিশাকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, নিহতরা দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন। ঘটনার খবর পাওয়ার পর নিহতদের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।