বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

ইতিহাসে প্রথমবার নারীকে সেনাপ্রধান করল অস্ট্রেলিয়া

দীর্ঘ ১২৫ বছরের সামরিক ইতিহাসে এই প্রথম কোনো নারী কর্মকর্তাকে সেনাবাহিনীর শীর্ষ পদে আসীন করল অস্ট্রেলিয়া।

ইতিহাসে প্রথমবার নারীকে সেনাপ্রধান করল অস্ট্রেলিয়া
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১২৫ বছরের সামরিক ইতিহাসে এই প্রথম কোনো নারী কর্মকর্তাকে সেনাবাহিনীর শীর্ষ পদে আসীন করল অস্ট্রেলিয়া। সোমবার এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে লেফটেনেন্ট জেনারেল সুসান কোয়লিকে দেশটির নতুন সেনাপ্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর উচ্চতর নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

আগামী জুলাই মাস থেকে তিনি তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। বর্তমানে সুসান কোয়লি অস্ট্রেলীয় সেনাবাহিনীর জয়েন্ট ক্যাপাবিলিটিস বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমান সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল সিমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন তিনি, যিনি ২০২২ সালের জুলাইয়ে এই সর্বোচ্চ পদে নিযুক্ত হয়েছিলেন।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সামরিক পেশায় নিয়োজিত সুসান কোয়লির রয়েছে বর্ণাঢ্য কর্মজীবন। এই দীর্ঘ সময়ে তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে অস্ট্রেলিয়ার সামরিক অভিযানে অংশ নেওয়ার সরাসরি অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।

এই ঐতিহাসিক নিয়োগ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এক বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, আগামী জুলাই মাস থেকে অস্ট্রেলীয় সেনাবাহিনী ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে এক নতুন অধ্যায় সূচিত হলো।