শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পিএসজি-বায়ার্ন মুখোমুখি

ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ আজ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে, বাংলাদেশ সময় রাত ১টায়।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পিএসজি-বায়ার্ন মুখোমুখি
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পিএসজি এবং বায়ার্ন মিউনিখ। ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ আজ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে, বাংলাদেশ সময় রাত ১টায়।

কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে দুই লেগে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি শেষ চারে জায়গা করে নেয়। অন্যদিকে বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রচেষ্টা থামিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছেছে।

লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার পথে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও ইউরোপীয় মঞ্চে লুইস এনরিকের দল ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স দেখাচ্ছে। চেলসি ও লিভারপুলের বিপক্ষে টানা চার জয়সহ এই আসরে তারা ১২ গোল করে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে। ফরাসি ক্লাবগুলোর মধ্যে টানা তিন মৌসুম শেষ চারে পৌঁছানোর নজির এবারই প্রথম।

আজ বায়ার্নকে হারাতে পারলে চ্যাম্পিয়নস লিগে প্রথম ফরাসি ক্লাব হিসেবে পিএসজি ১০০ জয় পূর্ণ করার মাইলফলক ছুঁবে। উল্লেখযোগ্যভাবে, ১৯৯৪-৯৫ মৌসুমে বর্তমান ফরম্যাটে তাদের প্রথম জয়ও এসেছিল এই বায়ার্নের বিপক্ষেই। লিগ টেবিলের শীর্ষে থাকা পিএসজি আগামী চার ম্যাচের মধ্যে দুই জয় পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে।

অন্যদিকে, বায়ার্ন মিউনিখ নিজেদের ঘরোয়া শিরোপা পুনরুদ্ধার করে আত্মবিশ্বাস নিয়েই প্যারিসে এসেছে। ২০২০ সালের কোভিড ফাইনালে পিএসজিকে হারানোর পর ইউরোপীয় শিরোপা আর জিততে পারেনি জার্মান জায়ান্টরা। এরপর চারবার কোয়ার্টার ফাইনাল ও একবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

তবে ২০২৬ সালের শুরু থেকে ইউরোপে দারুণ ফর্মে আছে বায়ার্ন। তারা টানা সাতটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ জিতেছে এবং শেষ ছয় মুখোমুখির মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে।

তবে আজকের ম্যাচে বায়ার্নের জন্য বড় ধাক্কা কোচিং স্টাফে। কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে কোচ ভিনসেন্ট কোম্পানি ডাগআউটে থাকতে পারবেন না।

পরিসংখ্যান বলছে, পিএসজি ও বায়ার্নের শেষ আট দেখায় মাত্র দুই ম্যাচে দুই দলই গোল পেয়েছে। তবে দুই দলের বর্তমান আক্রমণভাগের শক্তি বিবেচনায় আজ পার্ক দে প্রিন্সেসে গোলবন্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।