জামালপুরে ১৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে পৌর শহরের উত্তর কুটুরিয়া শেরপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার জয়নাথপুর ইউনিয়নের বড়টোডা বিশনাউড়ি এলাকার ফুল মিয়ার ছেলে আক্তার হোসেন (৪৫), শেরপুর জেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া ভাটিপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মনির হোসেন (৪৬) ও তসর উদ্দিন সরকারের ছেলে বিল্লাল হোসেন (৫৫) এবং একই জেলার কুরুয়া দক্ষিণপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাগর (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশের একটি দল শেরপুর ব্রিজের দক্ষিণ পাশে জামালপুর পৌরসভার উত্তর কুটুরিয়া এলাকায় জামালপুর-শেরপুর মহাসড়কে চেক পোস্ট বসায়। এসময় সন্দেহভাজন একটি সাদা রঙের টয়োটা প্রবোক্স প্রাইভেটকার থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরে গাড়ির গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষভাবে নির্মিত স্টিলের বক্স তল্লাশি করে খাকি কস্টেপে মোড়ানো ৬ টি প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের এবং গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর জেলার পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন- সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যে কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে জামালপুর জেলা পুলিশ।