জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে পানিতে ডুবে লিজা ও ইয়াসিন নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার পৃথক সময়ে উপজেলার দুইটি ভিন্ন ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে। মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন পানিতে ডুবে এই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় ৩ বছর বয়সী শিশু ইয়াছিন বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। নিহত ইয়াছিন ওই গ্রামের বাসিন্দা জুসশেদের সন্তান।
এর আগে দুপুরের দিকে উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামে বাবার সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় লিজা মনি নামে ১০ বছরের এক শিশু। সে মহিষবাথান পশ্চিমপাড়ার রবিউল ইসলামের কন্যা। স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, রবিউল ইসলাম দুপুরে তাঁর ছেলে ও মেয়েকে সাথে নিয়ে বাড়ির পাশের নদীতে নামলে একপর্যায়ে দুই সন্তানই তীব্র স্রোতের টানে ভেসে যায়। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে ছেলেটিকে জীবিত উদ্ধার করতে পারলেও লিজা পানির নিচে তলিয়ে যায়। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকারী দলের ডুবুরিরা বিকেল ৩টার দিকে নদীর একটি গভীর অংশ থেকে লিজা মনির মরদেহ উদ্ধার করে।