বিএনপির নারী কর্মী ও সমর্থকদের ওপর নিয়মিতভাবে জামায়াত ও ছাত্রশিবিরের হামলা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের “বট বাহিনী” সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করছে। তার অভিযোগ, জামায়াত ও ছাত্রশিবির অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই নারীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে এবং বিএনপির নারী কর্মীদের নিয়মিত হুমকি দিচ্ছে।
জামায়াতের কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই উল্লেখ করে রিজভী বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন দেশের নারীরা। তিনি দাবি করেন, দলটির আমির প্রকাশ্যে বলেছেন—তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবেন না।