শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোষ্য শিক্ষাবৃত্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত নিয়মিত কর্মচারীদের সন্তানদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোষ্য শিক্ষাবৃত্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত নিয়মিত কর্মচারীদের সন্তানদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের ‘পোষ্য শিক্ষাবৃত্তি’ দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়েছে।

বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ থেকে দশম শ্রেণি, উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর এবং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও কৃষিসহ সরকার অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কর্মচারীদের সন্তানরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২১ মে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃত্তি প্রদানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা কর্মচারীদের সন্তান ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সমান যোগ্যতার ক্ষেত্রে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া স্বামী-স্ত্রী উভয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কর্মচারী হলে যেকোনো একজন আবেদন করতে পারবেন। একজন কর্মচারী তার পুরো চাকরিজীবনে সর্বোচ্চ দুই সন্তানের ধারাবাহিক শিক্ষাজীবনের জন্য এই বৃত্তির আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনের শর্তে বলা হয়েছে, শিক্ষার্থীদের আগের বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে অধ্যয়নরত প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, বেতন ও ভর্তি ফি’র রশিদ এবং পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পিতা-মাতার এনআইডির সত্যায়িত অনুলিপিও আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আগ্রহী কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কল্যাণ শাখা (কক্ষ নম্বর-২০২) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র বিভাগীয় প্রধানের সুপারিশসহ আগামী ২১ মের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।