ঝালকাঠির নলছিটিতে অন্যের ভোট দিতে এসে ধরা পড়ায় ছাবিনা বেগম (৩৪) নামের এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই দণ্ডাদেশ দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ছাবিনা বেগম স্থানীয় শুকুর আলী হাওলাদারের মেয়ে। বিকেলের দিকে তিনি ওই কেন্দ্রে ভোট দিতে গেলে তার গতিবিধি এবং পরিচয় নিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কর্মকর্তাদের সন্দেহের সত্যতা পাওয়া যায়। এরপর তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।
আদালত পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মুক্তা রানী। তিনি জানান, নির্বাচনী আইন অমান্য করে জালিয়াতির আশ্রয় নেওয়ায় ছাবিনা বেগমকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সাজা ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত নারীকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ। জাল ভোট বা যেকোনো ধরনের নির্বাচনী অনিয়ম রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি তৈরি করেছে।