ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাককে ধাক্কা দিলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় জেভি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি দ্রুতগামী বাস অন্য একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের ভেতরে থাকা অন্তত ১০ জন যাত্রী কমবেশি আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠান।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে আঘাত করায় এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যান দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।