জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং তাঁর স্ত্রী শেরীফা কাদেরকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৭৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য মেলায় আজ বুধবার তাঁদের দুজনের নামে এই নোটিশ জারি করা হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (১) ধারা অনুযায়ী তাঁদের সম্পদের বিস্তারিত হিসাব জমা দিতে বলা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে জি এম কাদেরের নামে ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৬১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হদিস পাওয়া গেছে। বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ২৪ টাকা। পারিবারিক ব্যয় বাদ দিলে তাঁর নিট সম্পদের পরিমাণ ২ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৭২২ টাকা হওয়ার কথা থাকলেও বাস্তবে তা অনেক বেশি। ফলে অনুসন্ধানে তাঁর নামে ৪৮ লাখ ৭৮ হাজার ৩৩৯ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
অন্যদিকে, তাঁর স্ত্রী শেরীফা কাদেরের নামে ১ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৫৪৫ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। তাঁর মোট আয় ৩ কোটি ২২ লাখ ৬৬ হাজার ৪৫২ টাকা এবং ব্যয় ১ কোটি ৪৬ লাখ ৫ হাজার ৩৩৮ টাকা হলেও অনুসন্ধানে দেখা যায়, ব্যয় বাদে তাঁর নিট সঞ্চয় হওয়ার কথা ১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ৪৬ টাকা। সেই হিসেবে শেরীফা কাদেরের নামে ২৬ লাখ ৪৩ হাজার ৮৩ টাকার অসংগতিপূর্ণ সম্পদের তথ্য মিলেছে।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত উভয়কে নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের অর্জিত যাবতীয় সম্পদের হিসাব দাখিল করতে হবে। জমা দেওয়া বিবরণী যাচাই-বাছাই শেষে যদি বড় ধরনের কোনো গরমিল বা অসংগতি পাওয়া যায়, তবে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।