বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জিকিরের সঙ্গে দলে দলে কেন্দ্রে আসার আহ্বান ইসলামী আন্দোলনের

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্ভয়ে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জিকিরের সঙ্গে দলে দলে কেন্দ্রে আসার আহ্বান ইসলামী আন্দোলনের
ছবিঃ সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্ভয়ে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, দেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। এবারের নির্বাচনী পরিবেশ অতীতের চেয়ে অনেকটা ইতিবাচক মনে হলেও প্রধান দুই রাজনৈতিক শিবিরের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড সাধারণ ভোটার ও আমাদের মধ্যে শঙ্কা তৈরি করছে। তিনি দেশবাসীকে কোনো ধরনের প্ররোচনা বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জিকিরের সাথে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ‘হাতপাখা’ মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

নির্বাচনের আগমুহূর্তে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তুলে ধরেন এই নেতা। তিনি দাবি করেন, বরগুনা, বরিশাল, পিরোজপুর ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের হামলায় তাদের অনেক কর্মী আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন এলাকায় হাতপাখার প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মর্মে পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। ভোটারদের প্রভাবিত করতে টাকার ছড়াছড়ি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা অর্থ দিয়ে ভোট কিনতে চায় তারা মূলত জনগণের সাথে প্রতারণা করছে। এমন অপতৎপরতা বন্ধে নির্বাচন কমিশন ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

দলীয় অবস্থান পরিষ্কার করে গাজী আতাউর রহমান আরও বলেন, দেশ ও ধর্মের কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮টি আসনেই শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে টিকে থাকবে। কোনো অবস্থাতেই মাঠ ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে না। মিথ্যা প্রোপাগান্ডায় কান না দিয়ে নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সজাগ থাকার নির্দেশ দেন তিনি।