আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা অভিযোগ করছেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না, তাদের তিনি জানিয়েছেন, “জুলাই সনদের প্রতিটি অধ্যায় ভালো করে পড়ে দেখে বাস্তবায়ন করব।”
মন্ত্রী আরও বলেন, “আমরা বায়ান্নকে ধারণ করি, একাত্তরের মুক্তিযুদ্ধ ধারণ করি, নব্বইয়ের গণ-অভ্যুত্থান ধারণ করি। ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের যেমন আমরা মনে রাখি, তেমনি জুলাই সনদের প্রতিটি অধ্যায়ও আমরা ধারণ করি।”
সোমবার (১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও জানিয়েছেন, “যদি দলের কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করবে না। দেশের প্রতিটি নাগরিকের জন্য গণতান্ত্রিক ও আইনের সুশাসন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিএনপি করেছেন বা আমাদের ভোট দিয়েছেন—তাতে চাঁদাবাজি বা দুর্নীতির জন্য কাউকে লাইসেন্স দেওয়া হয়নি।”
মন্ত্রী জানান, ইতোমধ্যে প্রায় দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে। তিনি বলেন, “বিএনপি নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন হচ্ছে। আগামী পহেলা বৈশাখে কৃষি কার্ড আলোর মুখ দেখবে।”
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।