রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সংগ্রহ করতে মানুষের ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার (৯ মার্চ ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেল নিতে মানুষের যে দুর্ভোগের ছবি দেখা যাচ্ছে—কিলোমিটারের পর কিলোমিটার লাইন এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা—তা সত্যিই খুব কষ্টের। অনেক মানুষ রোজা রেখে লাইনে দাঁড়িয়ে আছেন এবং অনেকের গাড়ির তেল একেবারে শেষ হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, এই সংকট শুধু সাধারণ মানুষের যাতায়াতেই নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও প্রভাব ফেলছে। সামনে ঈদের যাত্রা শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি দ্রুত সমাধান না হলে মানুষের ঈদযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এর আগেও দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল। কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলে দাবি করেন তিনি। তাই আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আবারও অনুরোধ জানান।
পোস্টে দেশবাসীর প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সময়ে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
সবশেষে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, যেন দেশ এই সংকট থেকে দ্রুত উত্তরণ লাভ করতে পারে।