শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

কেইনের ওপর কালোজাদু করেই বসেছেন ঘানার সেই ওঝা

চলমান ফুটবল বিশ্বকাপের মাঠের তুমুল লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের কিছু অদ্ভুত ও অলৌকিক ঘটনা বেশ আলোচনার খোরাক জোগাচ্ছে।

কেইনের ওপর কালোজাদু করেই বসেছেন ঘানার সেই ওঝা
ছবি : সংগৃহীত

চলমান ফুটবল বিশ্বকাপের মাঠের তুমুল লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের কিছু অদ্ভুত ও অলৌকিক ঘটনা বেশ আলোচনার খোরাক জোগাচ্ছে।

বিশ্বমঞ্চের এই আসরকে কেন্দ্র করে কখনো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র কিংবা নেইমারকে ভিনগ্রহের প্রাণীরা তুলে নিয়ে যাবে—এমন আজব গণনা, আবার কখনো ইংলিশ দলনেতা হ্যারি কেইনের ওপর আফ্রিকান তান্ত্রিকের কুদৃষ্টির মতো নানা বিচিত্র দাবি ডালপালা মেলছে।

ঘটনার সূত্রপাত ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচের আগে। আফ্রিকার দলটির এক কথিত তান্ত্রিক প্রকাশ্যেই দাবি করেছিলেন, তিনি ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের ওপর বিশেষ এক কালোজাদু করেছেন, যার ফলে এই তারকা স্ট্রাইকার জালের দেখা পাবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেইন বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ হাতছাড়া করেন। এমনকি গোলরক্ষককে একা পেয়েও বল গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন। ম্যাচটি শেষ পর্যন্ত গোলহীন ড্র হলে ওই ওঝার দাবি নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল শোরগোল পড়ে যায়।

এই ঘটনার রেশ ধরে এরপর দৃশ্যপটে হাজির হন পেরুর ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সাধক বা শামানরা। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে শামানদের গণনা ও লোকজ আচার বেশ পরিচিত। সাধারণত বছরের শুরুতে তারা নানা আন্তর্জাতিক বা রাজনৈতিক বিষয়ে আগাম আভাস দিয়ে থাকেন। এবার তারা টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এসে কেইনের ওপর থেকে সেই কথিত কুদৃষ্টি কাটাতে এক বিশেষ তান্ত্রিক আচার প্রদর্শন করেন।

সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করা ওই ভিডিওচিত্রে দেখা যায়, কেইনের একটি কাগজের প্রতিকৃতি সামনে রেখে পেরুর ওই শামানরা নিজস্ব লোকজ রীতিনীতিতে মন্ত্রপাঠ করছেন। তাদের একজন দাবি করেন, ইংলিশ অধিনায়কের ওপর সত্যি নেতিবাচক শক্তির প্রভাব ছিল, যা তারা এই আচারের মাধ্যমে দূর করেছেন যেন তিনি স্বাভাবিক ফুটবল খেলতে পারেন।

বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি না থাকলেও পরবর্তী ম্যাচের ঘটনাক্রম ফুটবলপ্রেমীদের বেশ চমকে দিয়েছে। পেরুর শামানদের সেই বিশেষ আচারের পরই পানামার মুখোমুখি হয়ে খরা কাটান কেইন। ওই ম্যাচে শুরুতে জুড বেলিংহামের লক্ষ্যভেদে লিড নেয় থ্রি লায়ন্সরা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে স্কোরশিটে নিজের নাম তোলেন হ্যারি কেইন। তার করা ওই গোলের ওপর ভর করেই পানামার বিপক্ষে ২-০ ব্যবধানের সহজ জয় তুলে নেয় ইংল্যান্ড।