নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর জামিরুল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ মে) সকাল ৯টার দিকে পৌরসভার ওয়াশেরপুর গ্রামে জনৈক সোহেল মিয়ার বাড়ির পেছনের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত জামিরুল কেন্দুয়া পৌরসভার চকবাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একটি হাঁসের খামারে শ্রমিকের কাজ করতেন।
স্বজনরা জানান, গত শুক্রবার (৮ মে) বিকেল থেকে জামিরুলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি দীর্ঘ দিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে পরিবার দাবি করেছে। রোববার সকালে ওয়াশেরপুর গ্রামের ওই ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামিরুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।