হ্যারি কেইনকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার পর আলোচনায় আসা ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম এবার নতুন দাবি করেছেন। তাঁর ভবিষ্যদ্বাণী, কেপ ভার্দের কাছে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।
ঘানার এই ওঝা সম্প্রতি ইংল্যান্ডের অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনকে নিয়ে ‘অভিশাপ’ দেওয়ার দাবি করে আলোচনার কেন্দ্রে আসেন। ঘানার বিপক্ষে ইংল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচের আগে তিনি বলেছিলেন, কেইনকে আটকাতে তিনি বিশেষ আধ্যাত্মিক কাজ করছেন।
তখন নানা কোয়াকু বনসাম বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।’
সেই ম্যাচে ইংল্যান্ড ও ঘানা গোলশূন্য ড্র করে। চলতি বিশ্বকাপে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার কেবল ওই ম্যাচেই গোলের দেখা পাননি।
ম্যাচ শেষে নিজের দাবি তুলে ধরে ওই ওঝা বলেছিলেন, ‘আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেব, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে। কেইন আমার শত্রু নয়, শিগগিরই আমার এক সন্তানের নাম আমি হ্যারি রাখব।’
এরপর তাঁর কথার সঙ্গে ঘটনার মিলও দেখা যায়। পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ড ২-০ গোলে জয় পায় এবং সেই ম্যাচে গোল করেন কেইন।
এবার আর্জেন্টিনাকে নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী করেছেন নানা কোয়াকু বনসাম। আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও কেপ ভার্দের রাউন্ড অব থার্টি টু ম্যাচে কেপ ভার্দে জয় পাবে বলে দাবি করেছেন তিনি।
ওই ওঝা বলেন, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’
বিশ্বকাপে এখন পর্যন্ত আফ্রিকার দলগুলোর বিপক্ষে সাতবার মাঠে নেমেছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের নকআউট পর্বে এবারই প্রথম কোনো আফ্রিকান দলের মুখোমুখি হতে যাচ্ছে তারা।
আগের সাত ম্যাচের পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই রয়েছে। আফ্রিকার দলগুলোর বিপক্ষে ছয় ম্যাচে জয় পেয়েছে লাতিন আমেরিকার দলটি। এর মধ্যে পাঁচবার তারা হারিয়েছে নাইজেরিয়াকে এবং একবার জয় পেয়েছে আইভরিকোস্টের বিপক্ষে।
আফ্রিকার কোনো দলের বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র পরাজয় এসেছিল ১৯৯০ সালের বিশ্বকাপে, ক্যামেরুনের বিপক্ষে।