খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত ১০টার দিকে রাকিব ঘটনাস্থলের পাশের একটি সেলুনে বসে ছিলেন। এ সময় দুই যুবক সেলুনে ঢুকে তাকে টেনে বাইরে এনে রাস্তায় নিয়ে যায়। এরপর খুব কাছ থেকে রাকিবের মাথায় পরপর দুটি গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকসহ মোট তিনটি মামলার তথ্য রয়েছে। হামলাকারীদের কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।