বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

খুলনায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

খুলনায় মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নির্মম হত্যার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নেশার টাকা না পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে অভিযুক্ত নাদিম ইসলামের (২৫) বিরুদ্ধে।

খুলনায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

খুলনায় মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নির্মম হত্যার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নেশার টাকা না পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে অভিযুক্ত নাদিম ইসলামের (২৫) বিরুদ্ধে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম্মি বেগম ওই গ্রামের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত নাদিম প্রায়ই নেশার টাকার জন্য তার মা মিম্মি বেগমকে নির্যাতন করত। ঘটনার দিন সকালে সে আবারও মায়ের কাছে টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাদিম লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে, এতে ঘটনাস্থলেই মিম্মি বেগমের মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত নাদিমকে আটক করে। তবে তাকে ফাঁড়িতে নেওয়ার সময় স্থানীয় কিছু মানুষ বাধা দেয় এবং তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ নাদিমকে পাশের একটি বাড়িতে নিয়ে আশ্রয় নেয়। পরে সার্কেল এএসপি সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, নাদিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের টাকার জন্যই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের স্বামী হামিদুল ইসলাম পরিবারের সঙ্গে বসবাস করেন না। পরিবারের মেয়েদের খবর দেওয়া হয়েছে এবং তারা থানায় এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।