বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

ককটেল ফাটিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে আইনের আওতায় এনেছে পুলিশ। শুক্রবার বিকেলে শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কের দুর্লভপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। অভিযানকালে তাদের সঙ্গে থাকা একটি মাইক্রোবাস এবং একটি ব্যানার উদ্ধার করা হয়

ককটেল ফাটিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী গ্রেফতার
ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে আইনের আওতায় এনেছে পুলিশ। শুক্রবার বিকেলে শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কের দুর্লভপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। অভিযানকালে তাদের সঙ্গে থাকা একটি মাইক্রোবাস এবং একটি ব্যানার উদ্ধার করা হয়।

পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের পাগলা থানার দক্ষিণ হারিনা এলাকার রাজু ও তানজিম, গাভী শিমুল গ্রামের ওয়ালি ইসলাম, কিশোরগঞ্জের হোসেনপুর থানার মাদাখোলা গ্রামের রাব্বি এবং চর বিশ্বনাথপুর এলাকার ইমন ও মোবারিছ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে পার্শ্ববর্তী ময়মনসিংহ ও কিশোরগঞ্জ অঞ্চল থেকে একটি বাস এবং দুটি মাইক্রোবাসে করে একদল যুবক দুর্লভপুর এলাকায় এসে জড়ো হন। তারা সেখানে আকস্মিক ককটেল বিস্ফোরণ ঘটান এবং ব্যানারসহ একটি মিছিল বের করার চেষ্টা করলে পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক দেখা দেয়।

স্থানীয় বরমী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রনি আকন্দ জানান, বিষয়টি জানতে পেরে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হলে বিশৃঙ্খলাকারীরা দ্রুত সরে পড়ার চেষ্টা করেন। এ সময় একটি বাস ও একটি মাইক্রোবাস দ্রুত স্থান ত্যাগ করতে সক্ষম হলেও একটি মাইক্রোবাসসহ ছয়জনকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, নিষিদ্ধ সংগঠনটির ছয়জন কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। ককটেল বিস্ফোরণের আদ্যোপান্ত ও বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।