কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে মো. বজলুর রহমান (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বজলুর রহমান পেশায় কৃষক ছিলেন এবং তাঁর ছেলে জুবায়ের পেশায় একজন অটোরিকশাচালক। দুপুরে তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। বিতণ্ডার একপর্যায়ে জুবায়ের উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে জুবায়ের ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চান্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক তুচ্ছ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছেলে তাঁর জন্মদাতা পিতাকে ছুরিকাঘাত করেছেন। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “অভিযুক্ত জুবায়েরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”