বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার অভিযোগ, যুবক আটক

নরসিংদীতে জীবন্ত কুকুরের গলায় দড়ি বেঁধে তাতে ইট ঝুলিয়ে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার অভিযোগ, যুবক আটক

নরসিংদীতে জীবন্ত কুকুরের গলায় দড়ি বেঁধে তাতে ইট ঝুলিয়ে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী ওই এলাকার আব্দুর রবের ছেলে।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি জীবিত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতু থেকে মেঘনার শাখা নদীতে ফেলে দেওয়া হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা শুরু হয়।

ভিডিওটি নজরে আসার পর নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের উদ্যোগে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার কার্যক্রম শুরু হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগঠনের গ্রুপে তথ্য প্রচার করে তার পরিচয় ও অবস্থান নিশ্চিতের চেষ্টা করা হয়।

একপর্যায়ে অভিযুক্তের অবস্থান শনাক্ত হলে ছাত্রদলের কর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, “ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখি। সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “একটি কুকুরকে গলায় দড়ি বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনাটি পুলিশের নজরে আসে। পরে অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”