কুমিল্লার আদর্শ সদর উপজেলায় একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার ভোরে উপজেলার নোয়াপাড়া এলাকার 'যত্নের মায়া নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র' থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা নগরীর পূর্ব রেইসকোর্স এলাকার বাসিন্দা ও ওই নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান শরিফুল ইসলাম সানি এবং দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা ও প্রতিষ্ঠানের কর্মচারী আশরাফুল ইসলাম আকাশ। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানে নামে গোয়েন্দা দল। প্রথমে নিরাময় কেন্দ্রের কর্মচারী আকাশকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভবনের ছাদের একটি ইলেকট্রিক বক্সের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আকাশ জানান, উদ্ধারকৃত অস্ত্রটি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান শরিফুল ইসলাম সানির। প্রায় তিন মাস আগে সানি অস্ত্রটি নিরাপদ হেফাজতে রাখার জন্য তাকে দিয়েছিলেন। এই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে চেয়ারম্যান সানিকেও গ্রেপ্তার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম জানান, অবৈধ অস্ত্রের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অবৈদ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে ডিবির এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।