কুষ্টিয়ার কুমারখালীতে সাধারণ নির্বাচনের ঠিক আগের দিন একটি ভোটকেন্দ্রের খুব কাছ থেকে ১০টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার দুপুরে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাত্র ২০ গজ দূরে একটি ঘাসক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বানিয়াকান্দি বাজার সংলগ্ন এই বিদ্যালয়টি বৃহস্পতিবারের ভোটের জন্য নির্ধারিত কেন্দ্র। দুপুরে ফরিদ খান নামে এক রাজমিস্ত্রি ওই ক্ষেতে কাজ করতে গিয়ে মুখ বন্ধ অবস্থায় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি প্রতিবেশীদের জানান এবং পরে প্রশাসনকে সংবাদ দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
ব্যাগ দুটি খুলে লাল কস্টেপ দিয়ে মোড়ানো ১০টি গোলাকার বস্তু পাওয়া যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে সেগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় পুলিশ। বর্তমানে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় সংরক্ষিত রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী ফরিদ খান জানান, হঠাৎ ব্যাগগুলো দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং সাথে সাথেই অন্যদের বিষয়টি অবগত করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো নিজেদের জিম্মায় নিয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।
নির্বাচনের আগমুহূর্তে ভোটকেন্দ্রের এত কাছে বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। আতঙ্কিত না হয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন।