কুষ্টিয়ায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলা জামায়াতের উদ্যোগে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের এনএস রোড প্রদক্ষিণ করে এক তারার মোড়ে শেষ হয়। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অধ্যাপক আবুল হাশেম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তিনি কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজে শিক্ষকতা করতেন এবং দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা জামায়াতের নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।