ভোরের আলো ফোটার আগেই কুয়াশার ঘন আবরণে ঢেকে গেছে রাজধানী ঢাকা। বাড়তে থাকা শীতের তীব্রতার সঙ্গে হিমেল হাওয়া ও কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। দৃষ্টিসীমা কমে যাওয়ায় অনেক সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। বিশেষ করে ভোর ও সকালের দিকে গাড়ি চালাতে চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
কুয়াশার প্রভাবে নগরীর প্রধান সড়কগুলোতে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। কোথাও কোথাও হেডলাইট জ্বালিয়েই চলতে বাধ্য হন চালকেরা, যাতে দুর্ঘটনার ঝুঁকি এড়ানো যায়।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, “গত কয়েকদিন ধরে রাজধানীতে তীব্র শীত অনুভূত হলেও কোনো শৈত্যপ্রবাহ ছিল না। আগামী সপ্তাহের মাঝ থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তবে ১৭টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।”
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।
শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও রাস্তায় কাজ করা শ্রমজীবীরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকের জন্যই এবারের শীত আরও কষ্টকর হয়ে উঠেছে।