লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ১৫৬ জন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে দেশটিতে মোট নিহতের সংখ্যা ১ হাজার ৪২২ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, চলমান এই সংঘাতের জেরে এখন পর্যন্ত লেবাননে মোট ৪ হাজার ২৯৪ জন আহত হয়েছেন। বর্তমানে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করছে। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও গত ২ মার্চ হিজবুল্লাহর পক্ষ থেকে সীমান্ত এলাকায় হামলার পর থেকে এই অঞ্চলে পুনরায় ভয়াবহ যুদ্ধ শুরু হয়।
এর পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েল পরস্পরের ভূখণ্ডে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহর দাবি, লেবাননে ইসরায়েলি আগ্রাসন এবং গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নিতেই তারা এই পাল্টা হামলা চালাচ্ছে।
এদিকে, দক্ষিণ লেবাননে স্থল অভিযান পরিচালনার সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) নিজস্ব গুলিতেই এক সেনা নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।