শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

লন্ডন হিথ্রো বিমানবন্দর ও বিমান কার্যালয় পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী

যুক্তরাজ্যের অন্যতম প্রধান বিমানবন্দর লন্ডন হিথ্রো পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সফরকালে তিনি মেনজিস এভিয়েশন কর্তৃক নিয়ন্ত্রিত গ্রাউন্ড হ্যান্ডলিং ও যাত্রী সেবার সামগ্রিক সুযোগ-সুবিধাগুলো সরজমিনে পর্যবেক্ষণ করেন।

লন্ডন হিথ্রো বিমানবন্দর ও বিমান কার্যালয় পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের অন্যতম প্রধান বিমানবন্দর লন্ডন হিথ্রো পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

সফরকালে তিনি মেনজিস এভিয়েশন কর্তৃক নিয়ন্ত্রিত গ্রাউন্ড হ্যান্ডলিং ও যাত্রী সেবার সামগ্রিক সুযোগ-সুবিধাগুলো সরজমিনে পর্যবেক্ষণ করেন।

যুক্তরাজ্যের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার এই পরিদর্শনের কাজটি সম্পন্ন হয়। লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রীর এই সফর ও অভিজ্ঞতা মূলত বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মানকে বৈশ্বিক পর্যায়ে উন্নীত করতে এবং আধুনিকায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম দেখার পর মন্ত্রী লন্ডনে অবস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব শাখা কার্যালয়ে যান। সেখানে তিনি রাষ্ট্রীয় এই বিমান সংস্থার পরিচালন প্রক্রিয়া এবং গ্রাহক সেবার সার্বিক অবস্থা মূল্যায়ন করেন। একই সঙ্গে যাত্রী সেবার মান বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এই পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম।

পরবর্তীতে পর্যটন মন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে যান এবং সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মিশনটির বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনার পাশাপাশি তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার তাগিদ দেন। এর পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবার মান বৃদ্ধি ও সহজীকরণের জন্য প্রয়োজনীয় কৌশলগত নির্দেশনা প্রদান করেন তিনি।