জাতীয় সংসদের অধিবেশনে মফস্বল এলাকায় বিদ্যুতের চরম সংকট এবং জ্বালানি বণ্টন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই ক্ষোভ ব্যক্ত করেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে বিদ্যুতের বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে।
রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকা সরাইল ও আশুগঞ্জের চিত্র তুলে ধরে বলেন, আশুগঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অসংখ্য চালকল ও কলকারখানা এবং গুরুত্বপূর্ণ নদীবন্দর রয়েছে। দেশের জ্বালানি চাহিদার বড় একটি অংশ ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস থেকে মেটানো হলেও নিজ জেলার বাসিন্দারাই এই প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগ পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন।
জ্বালানি গ্যাসের উচ্চমূল্য এবং রান্নার সমস্যার কথা উল্লেখ করে এই সংসদ সদস্য জানান, বর্তমানে বাজারে এলপিজি সিলিন্ডারের দাম সাধারণের নাগালের বাইরে চলে গেছে। সরকারিভাবে ১৯৪০ টাকা নির্ধারণ করা থাকলেও বাস্তবে তা ২২০০ টাকার কমে কোথাও মিলছে না। বিদ্যুতের বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরে অল্প সময় লোডশেডিং হলেও গ্রামীণ জনপদে তা ১৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে। এমন পরিস্থিতিতে রান্নার বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা ব্যবহারের সুযোগও থাকছে না। ফলে জীবনযাত্রার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সম্পদের সুষম বণ্টনের দাবি জানিয়ে তিনি বলেন, যেহেতু এই জেলার গ্যাস দেশের অন্যান্য প্রান্তে সরবরাহ করা হয়, তাই স্থানীয় মানুষের অধিকার আগে নিশ্চিত করা উচিত। বর্তমানে তিতাস গ্যাস ক্ষেত্রের ৩১ নম্বর কূপ খননের কাজ চলছে, যেখান থেকে দৈনিক ৯ মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এই কূপের উত্তোলিত গ্যাস সবার আগে ব্রাহ্মণবাড়িয়ার জনসাধারণের জন্য বরাদ্দ করার জোর দাবি জানান তিনি।