মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে কেঁপে উঠেছে একটি এলাকা। দফায় দফায় হাতবোমার বিস্ফোরণ ও দেশি অস্ত্রের ব্যবহারে তৈরি হয় তীব্র আতঙ্ক; সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় একাধিক দফায় এই সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব ব্যাপারীর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে গতকাল দেশি অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং চারটি বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ফারুক ব্যাপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু ব্যাপারী (৬৫) ও রিয়ন ব্যাপারী (১৮)–কে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোকন হাওলাদার (৩৫) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সেলিমা হাওলাদার, আলবিদ হাওলাদার ও তুষার হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের ভাষ্য, এর আগেও এই দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে।
বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, “এটি নির্বাচনী কোনো বিষয় নয়। এলাকায় নিজেদের আধিপত্য দেখাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা এর আগেও সংঘর্ষে জড়িয়েছিল। এটা ওই এলাকায় নতুন কিছু না। সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ফের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ।”