মাদারীপুরের কালকিনি উপজেলায় একাধিক মামলার পলাতক আসামি ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৭ মে) সকালে থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বজলু তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি তার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর ওপর ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে। এছাড়া একই এলাকায় এক চা দোকানির লাশ উদ্ধারের ঘটনায়ও স্থানীয়দের সন্দেহের তীর তার দিকেই ছিল।
মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ফয়সাল তালুকদার গ্রেফতার এড়াতে বিভিন্নভাবে চেষ্টা করছিল। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি তার সহযোগীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।