উত্তরাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের পর এবার মাদারীপুরেও ভোট গণনার আগেই ফলাফল বিবরণীতে স্বাক্ষর করিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রাজৈর উপজেলার ৮৪নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে এই নিয়মবহির্ভূত কাজের অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযুক্ত বাকি বিল্লাহ স্থানীয় স্বরমঙ্গল ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া কেন্দ্রটি পরিদর্শনে গেলে বিষয়টি তার নজরে আসে। তিনি দেখতে পান, ভোট গ্রহণ চলাকালীনই প্রিসাইডিং অফিসার ফলাফল সিটে অগ্রিম সই নিয়ে রেখেছেন। প্রার্থীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় সংবাদকর্মীরা সেখানে পৌঁছালে চাঞ্চল্য তৈরি হয় এবং প্রশাসনের উচ্চমহলে বিষয়টি জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলম তাৎক্ষণিকভাবে কেন্দ্রে গিয়ে স্বাক্ষরিত রেজাল্ট শিটগুলো জব্দ করেন। ইউএনও গণমাধ্যমকে জানান, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে এবং কোনোভাবেই নির্বাচনী স্বচ্ছতা ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না।
নিজের অপরাধ স্বীকার করে অভিযুক্ত প্রিসাইডিং অফিসার বাকি বিল্লাহ জানান, কাজের চাপ কমাতে বা সময় সাশ্রয় করতে তিনি এই স্বাক্ষরগুলো আগেভাগে নিয়ে রেখেছিলেন, যা তার বড় ভুল হয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে এ ধরনের অগ্রিম স্বাক্ষর নেওয়া নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।