মাদারীপুর সদর উপজেলার মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে ২ জন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাহাদুরপুর ইউনিয়নের কালিগঞ্জ নবাব মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুর সদরের শিরখাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৩) এবং রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পান্না খানের ছেলে নাজমুল খান (১৭)। পারিবারিক সূত্রে জানা গেছে, তারা সম্পর্কে একে অপরের নিকটাত্মীয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ও নাজমুল মোটরসাইকেলযোগে শ্রীনদী থেকে মাদারীপুর শহরের দিকে আসছিলেন। তারা কালিগঞ্জ নবাব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বাহনটির সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায় এবং আরোহীরা মারাত্মকভাবে জখম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনেই মৃত বলে ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে সংরক্ষিত আছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করা এবং এই ঘটনায় সংশ্লিষ্ট আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।