শ্রীলঙ্কার উপকূলে যুক্তরাষ্ট্রের টর্পেডো হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের নিহত ৮৪ নাবিকের মরদেহ শুক্রবার ইরানে পাঠানো হচ্ছে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে আইআরআইএস ডেনা নামের ইরানি ফ্রিগেটটি টর্পেডো হামলায় ডুবে যায়। ওই ঘটনায় জাহাজে থাকা বহু নাবিক নিহত হন। বিশ্লেষকদের মতে, এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুষারা রদ্রিগো এএফপিকে বলেন, “দেশীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মরদেহ ফিরিয়ে নিতে ইরান একটি চার্টার্ড বিমান পাঠাচ্ছে।”
তিনি আরও জানান, শ্রীলঙ্কার নৌবাহিনী যে ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করেছিল, তারা আপাতত শ্রীলঙ্কাতেই অবস্থান করবেন।
কর্মকর্তাদের মতে, সংরক্ষিত মরদেহগুলো সিল করা কফিনে করে দেশের দক্ষিণাঞ্চলের মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানে পাঠানো হবে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শুক্রবার বিকেলের মধ্যেই প্রথম ধাপে ৪৬টি মরদেহ বিমানবন্দরে পৌঁছেছে এবং সেগুলো ইরানের একটি চার্টার্ড কার্গো বিমানে তোলা হবে।
ভারত মহাসাগর থেকে উদ্ধার করা মরদেহগুলো রাজধানী কলম্বো থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণে গলের কারাপিতিয়া হাসপাতালে নেওয়া হয়, যেখানে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
পরে স্থানীয় এক ম্যাজিস্ট্রেট মরদেহগুলো কলম্বোতে অবস্থিত ইরানি দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দেন, যাতে সেগুলো নিহত নাবিকদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়।