কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর দুই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর গ্রাম সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো ওই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মায়মুনা আক্তার (১৩) এবং আবদুর রহিমের মেয়ে ইফসা মণি (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চার কিশোরী একসঙ্গে নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় গোসল করতে নামে। ঘাট থেকে কিছুটা দূরে যাওয়ার পরপরই তারা আকস্মিক গভীর গর্তের মুখে পড়ে তলিয়ে যেতে থাকে। এ সময় দুই কিশোরী কোনোমতে সাঁতরে তীরে উঠে প্রাণ বাঁচাতে পারলেও মায়মুনা ও ইফসা পানির নিচে হারিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল গত এক মাসেরও বেশি সময় ধরে শক্তিশালী ড্রেজার মেশিন ব্যবহার করে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তলদেশে বড় বড় গভীর গর্ত ও চোরাবালির মতো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যত্রতত্র বালু তোলার কারণেই নদীটি এখন সাধারণ মানুষের গোসল বা চলাচলের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি তাদের।
চরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।