মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

'মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে'

দেশে বাড়তে থাকা ‘মব কালচার’ মোকাবিলায় প্রচলিত আইন যথেষ্ট কার্যকর নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের প্রয়োজন হতে পারে।

'মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে'
রাজারবাগ পুলিশ মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দেশে বাড়তে থাকা ‘মব কালচার’ মোকাবিলায় প্রচলিত আইন যথেষ্ট কার্যকর নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের প্রয়োজন হতে পারে।

রোববার (১০ মে) রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমরা আগেই বলেছি। প্রচলিত আইনের আওতায় যতটুকু সম্ভব, আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে এ বিষয়ে আইনি সংস্কার বা সংশোধনের প্রয়োজন হলে সেটিও করা হবে। আমি আজ এখানে স্বরাষ্ট্রসচিব ও আইজিপিকে অনুরোধ করেছি, বিষয়টি যেন আবার আমাকে স্মরণ করিয়ে দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “কারণ মব কালচার আলাদাভাবে মোকাবিলায় নতুন আইন বা সংশোধনের প্রয়োজন হতে পারে। প্রচলিত আইন দিয়ে পুরোপুরি এটি মোকাবিলা করা সম্ভব হচ্ছে না।”


অনলাইন জুয়া ও জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কী ধরনের আইনি কাঠামো প্রয়োজন, তা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রী বলেন, “এই কমিটি অনলাইন জুয়া কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে আইন প্রণয়নের পাশাপাশি সাইবার ক্রাইম ও মানি ট্রান্সফার-সংশ্লিষ্ট বিষয়গুলো একই আইনের আওতায় আনা যায় কি না, তাও পর্যালোচনা করবে।”

তিনি আরও বলেন, “আইনের খসড়া এলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ সময় বদলাচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, ইন্টারনেটভিত্তিক অপরাধের ধরনও পাল্টে গেছে। তাই পুরোনো আইন দিয়ে এখন আর চলা সম্ভব নয়। নতুন আইন প্রণয়নের পাশাপাশি এসব অপরাধ কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে প্রয়োজন হলে আমরা অন্যান্য দেশের অভিজ্ঞতাও গ্রহণ করব।”


পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।

তার ভাষ্য, পুলিশ পরিদর্শক থেকে কনস্টেবল পদ পর্যন্ত সদস্যদের এই সুবিধার আওতায় আনার চিন্তা করা হচ্ছে, যা তাদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে।

গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।