ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত দ্বাদশ দিনে পদার্পণ করে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তেহরানের একটি ব্যাংকিং প্রতিষ্ঠানে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় এবার মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র, ব্যাংক এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে পাল্টা আঘাত হানার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খাতাম আল-আনবিয়ার একজন মুখপাত্র বুধবার জানান, প্রতিপক্ষ অঞ্চলটির অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে আগ্রাসন চালিয়ে যুদ্ধের নতুন এক ক্ষেত্র তৈরি করেছে। ফলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট সকল আর্থিক প্রতিষ্ঠান এখন তাদের নিশানায় রয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ নাগরিকদের এসব স্থাপনার অন্তত এক কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ ইতোমধ্যে মার্কিন শীর্ষস্থানীয় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। যেসব কোম্পানির উদ্ভাবিত প্রযুক্তি সামরিক খাতে ব্যবহৃত হয় এবং ইসরায়েলের সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, তাদেরই নতুন লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে তেহরান। এই তালিকায় গুগল, মাইক্রোসফট, আইবিএম, এনভিডিয়া, ওরাকল এবং প্যালানটির-এর মতো প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর নাম উঠে এসেছে। বিশেষ করে ইসরায়েল ও পার্শ্ববর্তী দেশগুলোতে থাকা এসব কোম্পানির দপ্তর এবং ক্লাউড স্টোরেজ অবকাঠামোকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, তেহরানের একটি ব্যাংকে রাতের আঁধারে চালানো ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন কর্মী প্রাণ হারিয়েছেন, যা যুদ্ধের প্রচলিত রীতির পরিপন্থী। এর আগে গত সোমবার লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট ঋণদানকারী প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসান-এ বোমা হামলা চালায় ইসরায়েল। মূলত এসব ঘটনার প্রতিশোধ নিতেই ইরান এখন অর্থনৈতিক স্থাপনায় আক্রমণের পরিকল্পনা করছে।
যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাড়িঘর ছেড়েছেন প্রায় পৌনে আট লাখ মানুষ। অন্যদিকে ইরান অভিযোগ করেছে, গত ১২ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে তাদের দেশের প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ হাজার ৩০০ জনেরও বেশি নাগরিক নিহত হয়েছেন।