মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেখানে সামরিক সরঞ্জাম ও বিশেষ দল পাঠিয়েছে অস্ট্রেলিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, সরকারের একটি বিশেষ জরুরি পরিকল্পনার (কন্টিনজেন্সি প্ল্যান) অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অস্ট্রেলীয় পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী অ্যালবানিজ জানান, ওই অঞ্চলে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে ছয়টি 'ক্রাইসিস রেসপন্স টিম' বা সংকট মোকাবিলা দল পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকেই সামরিক সরঞ্জামগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী অ্যালবানিজ কৌশলগত কারণে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, বর্তমানে দুটি সামরিক উড়োজাহাজ ওই এলাকায় অবস্থান করছে।
ক্যানবেরায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও উপস্থিত ছিলেন। সেখানে তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে সরাসরি অংশ নেওয়ার সম্ভাবনাকে বর্তমান প্রেক্ষাপটে পুরোপুরি নাকচ করে দেওয়া যায় না।
উল্লেখ্য, ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যকার সংঘর্ষ এখন চরম রূপ নিয়েছে। ষষ্ঠ দিনেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে এবং ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানও মার্কিন মিত্র দেশগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।