শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

মধ্যরাতে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের সিকিম

মধ্যরাতে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের সিকিম। যার প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায়।মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে সেখানে রেকর্ড করা হয়েছে মোট ১৩টি ভূমিকম্প। হঠাৎ এই কম্পনে দুই দেশেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

মধ্যরাতে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের সিকিম

মধ্যরাতে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের সিকিম। যার প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায়।মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে সেখানে রেকর্ড করা হয়েছে মোট ১৩টি ভূমিকম্প। হঠাৎ এই কম্পনে দুই দেশেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

সিকিমের ভূমিকম্পের প্রভাব বাংলাদেশেও টের পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় হঠাৎ কম্পন অনুভূত হলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন, কেউ কেউ নিরাপত্তার কথা ভেবে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন।

ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা সাগর, সুমন ও নিরব ঢাকা পোস্টকে জানান, ‘কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠে।’ তারা আরও জানান, ভূমিকম্পের স্থায়িত্ব খুব অল্প সময়ের হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গীসহ জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। একইভাবে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার কয়েকটি এলাকাতেও ভূমিকম্প টের পাওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন নেটিজেনরা। তবে এখন পর্যন্ত কোথাও হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রাত দেড়টার দিকে (ভারতীয় সময়) সিকিমের গেলসিং এলাকায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১০ কিলোমিটার গভীরে।

মূল এই ভূমিকম্পের পরপরই শুরু হয় একাধিক আফটারশক। মঙ্গন এলাকায় সাতটি এবং নামচিতে চারটি অপেক্ষাকৃত কম মাত্রার কম্পন ধরা পড়ে। এছাড়া গ্যাংটকে ৩ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

বারবার কম্পনের ঘটনায় সিকিমজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পর্যটক গভীর রাতে হোটেল ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারাও নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে বাইরে অবস্থান নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অভিজ্ঞতা নিয়ে অসংখ্য পোস্ট ছড়িয়ে পড়ে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।