শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে উত্তেজনার জেরে মেহেরপুরের মুজিবনগরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ,  আহত ৫

ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে উত্তেজনার জেরে মেহেরপুরের মুজিবনগরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

আহতদের মধ্যে রয়েছেন বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াতের চার সমর্থক—বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। এ ঘটনায় আটক করা হয়েছে জামায়াত কর্মী হরেন- শহিদুল ও আশরাফ হোসেনকে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে জয়পুর গ্রামের একটি ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক দুই কর্মীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।