বিশ্বকাপের মঞ্চে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে নামার মাত্র ৬ মিনিটের মধ্যেই গোল করে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ তারকা।
২০০৬ সালে জার্মানি বিশ্বকাপ দিয়ে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করেন রোনালদো। এরপর থেকে প্রতিটি আসরেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার কীর্তি ছিল তার। এবার উজবেকিস্তানের বিপক্ষে গোল করে সেই ধারাকে আরও এগিয়ে নিলেন ১০ নম্বর জার্সিধারী।
বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার ছয়টি ভিন্ন আসরে গোল করতে পারেননি। রোনালদোর পর পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করার রেকর্ড রয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির।
২০০৬ বিশ্বকাপে ইরানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের নামের পাশে প্রথম গোলটি যোগ করেন রোনালদো। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি।
তবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ছিল রোনালদোর জন্য সবচেয়ে স্মরণীয়। ওই আসরে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি, যা বিশ্বকাপে তার ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিক। সেই টুর্নামেন্টে মোট চারটি গোল করেছিলেন পর্তুগালের এই ফরোয়ার্ড।
এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে আরও একটি গোল যোগ হয় রোনালদোর ঝুলিতে। ফলে প্রথম পাঁচ বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় আটে। এবার উজবেকিস্তানের বিপক্ষে গোল করে বিশ্বকাপ ক্যারিয়ারে নবম গোলের দেখা পেলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।