শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড

কাতারের মাটিতে ফুটবল ইতিহাসের অন্যতম শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে তৃতীয় শিরোপা নিজেদের করে নিয়েছিল আর্জেন্টিনা। এবার আলবিসেলেস্তেদের মিশন চতুর্থ ট্রফি জয়ের।

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড
ছবি : সংগৃহীত

কাতারের মাটিতে ফুটবল ইতিহাসের অন্যতম শ্বাসরুদ্ধকর ফাইনাল জিতে তৃতীয় শিরোপা নিজেদের করে নিয়েছিল আর্জেন্টিনা। এবার আলবিসেলেস্তেদের মিশন চতুর্থ ট্রফি জয়ের।

সেই লক্ষ্য নিয়ে মঙ্গলবার রাতে কানসাস সিটিতে ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই আলো ছড়ান লিওনেল মেসি। সপ্তদশ মিনিটে তাঁর গোলেই প্রথমে লিড পায় আর্জেন্টিনা। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে এই ফুটবল মহাতারকা আরও দুবার বল জালে পাঠালে পূর্ণ হয় তাঁর দৃষ্টিনন্দন হ্যাটট্রিক। এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।

আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের ২০০তম ম্যাচে মাঠে নেমে অনন্য এক নজির স্থাপন করলেন এলএমটেন। দেশের জার্সিতে এই ম্যাচে তিনি নিজের ১১৮, ১১৯ এবং ১২০তম গোল করার গৌরব অর্জন করেন।

ম্যাচের প্রথম গোলটির উৎস ছিলেন রদ্রিগো দে পল। তাঁর কাছ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে আলজেরিয়ার গোলপোস্ট লক্ষ্য করে জোরালো শট নেন মেসি। প্রতিপক্ষ গোলরক্ষক লুকা জিদান বলটি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলেও শটের গতি এত বেশি ছিল যে তা জালের ঠিকানা খুঁজে নেয়। এই এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে বিশ্বজয়ীরা।

বিরতির পর ম্যাচের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক। লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেওয়া প্রায় ২৫ গজ দূরবর্তী একটি নিচু শট ঠেকাতে গিয়ে বিপত্তিতে পড়েন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে তথা আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। বলটি তাঁর বুকে লেগে সামনে চলে আসলে সেখানে ওঁৎ পেতে থাকা মেসি নিজের দুর্বল ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান। এটি ছিল বিশ্বমঞ্চে তাঁর পঞ্চদশ গোল।

এরপর ম্যাচের ৭৬তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে আলজেরিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেসের পাস থেকে বল পেয়ে এক চমৎকার শটে নিজের ১৬তম গোলটি করেন তিনি। এই মহাতারকাকে রুখে দেওয়ার কোনো উপায়ই জানা ছিল না আলজেরিয়ার রক্ষণভাগের।

অবশ্য ম্যাচের শুরুর দিকে মাত্র পাঁচ মিনিটের মাথায় একবার বল জালে পাঠিয়ে গ্যালারিতে উৎসবের আমেজ তৈরি করেছিলেন মেসি। তবে সহকারী রেফারির অফসাইডের পতাকায় সেই আনন্দ টেকেনি। ভিডিও রিপ্লেতে দেখা যায়, অত্যন্ত সামান্য ব্যবধানে অফসাইড পজিশনে ছিলেন তিনি। আর্জেন্টিনার মতো একই ভাগ্যবরণ করতে হয়েছে আলজেরিয়াকেও, অফসাইডের কারণে বাতিল হয়ে যায় তাদের একটি গোল।

এই ম্যাচের মধ্য দিয়ে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ড গড়লেন মেসি। পাশাপাশি ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে দ্বিশততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে কেবল পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতওয়া এই কীর্তি গড়েছিলেন। এই বিশেষ দিনটির আরেকটি তাৎপর্য হলো, ঠিক ২০ বছর আগে এই একই তারিখে বিশ্বমঞ্চে অভিষেক ঘটেছিল এই ফুটবল জাদুকরের।