বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের মাঝেই নিভে গেল মায়ের প্রাণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে মেয়ের বিয়ের উৎসবের প্রস্তুতির মধ্যেই এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল গৃহবধূ দীপিকা সানার (৩৫) প্রাণ।

মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের মাঝেই নিভে গেল মায়ের প্রাণ
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে মেয়ের বিয়ের উৎসবের প্রস্তুতির মধ্যেই এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল গৃহবধূ দীপিকা সানার (৩৫) প্রাণ।

মঙ্গলবার সকালে নিজ বাড়ির গোয়ালঘরে গরুর দুধ দোহন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও দীপিকা গোয়ালঘরে কাজ করতে গিয়েছিলেন। সেখানে থাকা বৈদ্যুতিক সংযোগের লিকেজ থেকে তিনি হঠাৎ বিদ্যুতায়িত হন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়।

কৃষক দেবাশীষ সানা ও দীপিকা দম্পতির তিন সন্তানের মধ্যে একমাত্র মেয়ে অর্পিতা সানার (১৮) বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল। বাড়িতে গায়ে হলুদসহ বিয়ের নানা আনুষ্ঠানিকতা চলছিল। মেয়ের নতুন জীবনের যাত্রাকে ঘিরে পুরো পরিবার যখন উৎসবে মেতে ছিল, ঠিক তখনই দীপিকার অকাল মৃত্যুতে সেই আনন্দ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। শোকাতুর হয়ে পড়ে পুরো গ্রাম।

খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, সন্তানদের ঘিরেই দীপিকার সব স্বপ্ন ছিল। তার তিন সন্তানের মধ্যে বড় ছেলে অভীক (১৯) ও ছোট ছেলে অর্ণব (৯) মাকে হারিয়ে বাকরুদ্ধ।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।